ফরিদপুরে টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তার টাকা নেওয়ার একটি ভিডিও রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহিতার কাছ থেকে তিনি চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।
তাকে বলতে শোনা যায়, 'উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। ওনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।'
এ ব্যাপারে ইমরান শেখ বলছেন, 'এটি ঘুষের টাকা নয়। ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও এটি।'
ভিডিও ভাইরাল হওয়ার পর রোববারই জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এক আদেশে ইমরান শেখকে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩ (খ) (ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে ওই বিধিমালার ১২(১) ধারায় তাকে সাময়িকভা বরখাস্ত করেন। ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর ইনসানা তানজীন ইকো বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
