রাষ্ট্রপতি কী করবেন জানি না, ব্যক্তিগত কাজে আগেই ফিরেছি: দেশে ফিরে স্পিকার
স্বাস্থ্যপরীক্ষা শেষে আজ শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ব্যাংকক থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, 'আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।'
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সৃষ্ট সাংবিধানিক শূন্যতা এবং স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এটাই সংসদীয় রীতি।'
নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার বিষয়ে স্পিকার জানান, তার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। তিনি বলেন, 'আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। যেহেতু গতকাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, তাই আমি আজই চলে এসেছি।'
এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'বাংলাদেশের সংবিধানে এটি লেখা আছে যে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তখন স্পিকার "অ্যাক্টিং" বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মূল রাষ্ট্রপতি নির্বাচিত করে জাতীয় সংসদ, যা তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হয়।'
বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
