পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো ১৭ কর্মকর্তা হলেন— হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং ঢাকা পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান।
এছাড়া, এ তালিকায় আরও আছেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (সংযুক্ত: কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএসের পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শাসীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরির বিধান অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ প্রশাসনে বাধ্যতামূলক অবসরের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এর আগে গত ৫ জুলাই এক প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে একই আইনের ৪৫ ধারায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এরও আগে ৩ মে সরকার ১৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ওই তালিকায় ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
সর্বশেষ আজ আরও ১৭ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্য দিয়ে চলতি বছরেই অন্তত ৬৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
