ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
রাজধানীর ধোলাইখাল এলাকায় ওয়াসার একটি পুরোনো পানির পাইপে লিকেজ থেকে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় রাস্তার একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে জনদুর্ভোগ এড়াতে ওই এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার (১২ জুলাই) বিকেলে ভারী বৃষ্টির সময় সড়ক বিভাজকের পাশের একটি অংশ হঠাৎ দেবে যায়। এতে সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয় এবং পরবর্তীতে গর্তটির আশপাশের অংশও ধসে পড়ে। দুর্ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে এবং ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
সোমবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কারকাজ শুরু করেন।
সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির উপ-সহকারী প্রকৌশলী মো. তারেক হোসেন টিবিএসকে জানান, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় একটি অংশ হেলে পড়ে ধসের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার প্রায় ২০ থেকে ৩০ বছর পুরোনো একটি পানির পাইপে লিকেজ থাকায় দীর্ঘদিন ধরে মাটি ক্ষয় হয়েছে। এর ফলে সড়কের নিচে ফাঁপা জায়গা তৈরি হয় এবং একপর্যায়ে সড়কটি ধসে পড়ে।'
কাজের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, 'বিষয়টি জানার পরপরই আমরা সংস্কারকাজ শুরু করেছি। মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ সম্পন্ন করে সড়কটি পুরোপুরি যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে।'
প্রকৌশলী তারেক হোসেন আরও জানান, বর্তমানে নিরাপত্তার স্বার্থে পুরো রাস্তা বন্ধ রাখা হয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে দীর্ঘ সময় পুরো সড়ক বন্ধ রাখা হবে না। এক পাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্য পাশে পর্যায়ক্রমে মেরামতের কাজ চালানো হবে।
