শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ আগস্ট মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ 'অ্যাপোনিয়া' থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।'
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ জানান, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলাটি করা হয়। এর পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আদালত আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।
তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন এই আইনজীবী।
তবে এই অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল।
