নতুন শিক্ষাব্যবস্থায় বইয়ের সঙ্গে থাকবে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ
নতুন শিক্ষাব্যবস্থায় শুধু পাঠ্যবই নয়, প্রতিটি বিষয়ের সঙ্গে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার একটি আধুনিক ও সমন্বিত শিক্ষাব্যবস্থা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষেই নয়, শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ পাবে।
তিনি বলেন, নতুন কারিকুলামে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার সংযোগ আরও শক্তিশালী করা হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, নতুন শিক্ষাক্রমে সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংস্কৃতি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ পাবে। অন্যদিকে ক্রীড়া শিক্ষা নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতা বিবেচনায় রেখে এমন একটি কারিকুলাম তৈরি করা হবে, যা সহজে বাস্তবায়নযোগ্য হবে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, সংস্কৃতি প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষাবিদ এবং কারিকুলাম বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
