বন্যার্তদের চিকিৎসাসেবা দিতে যুবদলের ৫ সদস্যের মেডিকেল টিম গঠন
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ৫ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষ এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমটি মূলত চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর; সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বন্যাকবলিত এলাকাগুলোতে কাজ করবে।
যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামকে এই মেডিকেল টিমের সমন্বয়ক করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন— যুবদলের স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদ হাসান খান সুমন এবং ডা. আল মামুন হাসান খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সরাসরি নির্দেশনায় এই বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে টিমটি বন্যাকবলিত এলাকায় তাদের সেবা কার্যক্রম শুরু করবে।
