দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে 'দেশ গড়তে জুলাই জাগরণ'শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় 'জুলাই পদযাত্রা ২০২৬' আয়োজন করবে দলটি। আগামী ৬ জুলাই থেকে এ কর্মসূচি শুরু হবে।
তবে এই পদযাত্রায় এবার গোপালগঞ্জে কোনো কর্মসূচি রাখেনি এনসিপি। আজ শনিবার (৪ জুলাই) দলটির জরুরি সংবাদ সম্মেলন পরবর্তী 'জুলাই পদযাত্রা'র রোডম্যাপ থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা ইতোমধ্যে প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সেই ১০০টি উপজেলা ও পৌরসভায় আমরা জুলাই পদযাত্রা করছি।
তিনি আরও বলেন, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।
এবারের জুলাই পদযাত্রায় উত্তরাঞ্চলে এনসিপি'র মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র নেতৃত্বে ঢাকা (আংশিক), গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এছাড়া, দক্ষিণাঞ্চলে এনসিপি'র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র নেতৃত্বে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা (আংশিক), মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুড়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এই ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
