গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে এনসিপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে বুধবার (১ জুলাই) সকালে ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে নাহিদ এসব কথা বলেন।
এর আগে সকালে বৃষ্টির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর তারা মোনাজাত করেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতা ও কয়েকজন দলীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে নাহিদ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এনসিপির আহ্বায়ক জানান, আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফারহান ফাইয়াজ, লিয়াকতসহ ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধাকে। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নেমে আসা অগণিত ছাত্র-ছাত্রীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তিনি বলেন, অভ্যুত্থানে নেমে আসা শ্রমিক ভাই-বোন, নারীসমাজ, শিক্ষক-সংস্কৃতিকর্মী, পেশাজীবী, অভিভাবক, আলেমসমাজ, আইনজীবী, সাংবাদিক ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্দোলন করা প্রবাসী ভাই-বোনদের তারা স্মরণ করছি। সাবেক সেনা কর্মকর্তা ও সেনাবাহিনীর যেসব তরুণ কর্মকর্তা জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের স্মরণ করছি।
নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুথানে যে যেখান থেকে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, আমরা তাদের সবাইকে স্মরণ করছি।
তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনও ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে।
সারাদেশে জুলাই আন্দোলনের নিহতদের কবরস্থানগুলো সংরক্ষণ করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, আজ থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত, ৩৬ দিন সারাদেশে 'জুলাই' নিয়ে এনসিপির কার্যক্রম থাকবে।
সরকারের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি। একই সঙ্গে তিনি ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর উদ্বোধনের দাবি জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে দেবে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, এ সাজা যথেষ্ট নয়।
এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবিও জানান।
