মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ বা হাতকড়া পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে (৩৫) তিন ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান তিনি। এরপর দিবাগত রাত ১২টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির শেখ উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৫ সালে শ্রীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আওয়ামী লীগ নেতা সাব্বির শেখ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাকে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। এতে সেখানে হট্টগোল দেখা দিলে এক পর্যায়ে সুযোগ বুঝে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান সাব্বির।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) জুয়েল মিঁঞা বলেন, 'হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা ও মামলার পলাতক আসামি সাব্বিরকে গ্রেপ্তারে রাতেই পুলিশের বিশেষ টিম তৎপর হয়ে ওঠে। পালানোর মাত্র ৩ ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।'
