চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে।
আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাসুদুল হক চৌধুরী (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম স্বপনের ছোট ভাই এবং রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী মোড় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পাহাড়তলী ও রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে নামেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন।
অবরোধকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
