২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শুধু মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার' শীর্ষক এই সেমিনারটির আয়োজন করে পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়।
ভূমিমন্ত্রী তার বক্তব্যে বলেন, "উন্নয়ন ও অর্জনে রাজশাহী সব সময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে।" এ সময় তিনি অতীত ভুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন উদ্যমে বা পুনরুদ্যমে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে সীমান্ত এলাকা ও শহরের মাদক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে জিরো টলারেন্স নীতি অনুসরণের তাগিদ দেন তিনি।
রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারাও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক সচেতনতা ও আইনি সুরক্ষার সমন্বিত প্রচেষ্টাই পারে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
