রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ
রাজধানীর রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে রামপুরা টিভি সেন্টার এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, "আজকে পলাশের বাসায় মিলাদ ছিল। মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময়ে মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।"
তবে পলাশের শরীরে কয়টি গুলি লেগেছে এবং তার বর্তমান অবস্থা বা তিনি বেঁচে আছেন কি না, সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি আসাদুজ্জামান। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
