বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তি আমাদের পরিবেশ মন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।"
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ শনিবার (৬ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, "সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে (অগ্রাধিকার) নাই। এই সরকার কাজ না করলে ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে, এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।" তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এনসিপি এ উদ্যোগ নিয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আজ ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে ঢাকার ২০টি স্কুলে গাছ বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও পরিবেশের দখল, দূষণ ও দাহ রোধে করণীয় নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে।
আসিফ মাহমুদ তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
