সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
সীমান্ত আইন না মেনে কথিত 'বাংলাদেশি' আখ্যা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরা সীমান্তে পুশইন করার চেষ্টা করছে। কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় হাকিমপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিকে।
তবে এসব পুশইন হতে দেওয়া হবে না জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, 'রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিল।'
তিনি বলেন, 'বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছি। রাতে টহলকালে আমাদের সতর্ক অবস্থান জানান দেওয়ার ফলে তারা চেষ্টা করেনি। ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে তারা। আমরাও সতর্ক রয়েছি। এটা আমরা হতে দেব না।'
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বর্তমানে ১১০ 'বাংলাদেশিকে' একটি শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত নতুন করে আরও ৭০ জন সেখানে যোগ হয়েছে। বর্তমানে ১৮০ জন ব্যক্তি বিএসএফের হেফাজতে রয়েছেন, যারা সবাই অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে দাবি করা হয়েছে।
ভারতীয় হাকিমপুর সীমান্তের বিপরীতে বাংলাদেশের কলারোয়া উপজেলার কাকডাঙ্কা সীমান্ত এলাকা। জেলার গোটা সীমান্ত এলাকায় বিজিবি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
