চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে কর্মরত এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কার্যালয়টির ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তি ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সহকারী নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেনি।
অন্যদিকে, স্থানীয়দের দেওয়া তথ্যমতে নিহত ওই ব্যক্তির নাম নরেন ধর (৩৮) বলে জানা গেছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়।'
