আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে আবার নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত বৃহস্পতিবার (১৪ মে) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে একই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল কবি ও প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে (সাখাওয়াত টিপু)।
২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। সে সময়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ ছিল দুই বছর। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর নিয়োগ বাতিল করা হয়। আবার এই পদে নিয়োগ পেলেন আফসানা বেগম।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
