রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় একটি বিরল প্রজাতির মালায়ান নাইট হেরন উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের সদস্য ওসমান গণি অংশ নেন।
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগের সদস্য ওসমান গণি বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। পাচারকারীরা পালিয়ে গেলেও বিরল প্রজাতির পাখিটি উদ্ধার করা সম্ভব হয়েছে।'
রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, উদ্ধার করা পাখিটিকে বর্তমানে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
তিনি জানান, উদ্ধার হওয়া পাখিটি মালায়ান নাইট হেরন (Gorsachius melanolophus), যা 'টাইগার বিটার্ন' নামেও পরিচিত। দক্ষিণ ও পূর্ব এশিয়াজুড়ে বিস্তৃত এই মাঝারি আকারের বকজাতীয় পাখিটি সাধারণত ঘন বনাঞ্চলে বিচরণ করে। কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় এ প্রজাতির উপস্থিতি আগে থেকেই লক্ষ্য করা যায়।
