গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
গাজীপুর মহানগরীর ডেগের চালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে ভবনটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তীব্র রূপ ধারণ করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার তৃতীয় তলায় আগুন লাগার পর কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু পরে আগুনের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেলে অন্যান্য স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট তলব করা হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। এরমধ্যে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের ১টি, গাজীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট রয়েছে। অগ্নিকাণ্ডের শুরুতে ৭টি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীতে আরও ২টি ইউনিট তাদের সাথে নেভানোর কাজে যোগ দেয়।
অগ্নিকাণ্ড ও উদ্ধার তৎপরতা নিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, কারখানার ৮ তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।'
গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, 'আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর, কোনাবাড়ি থেকেও ইউনিট এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।'
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি।
