সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় মহাসড়কের ধারে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান ওসি।
পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, রাতে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধ রাস্তার ধারে পড়ে ছিলেন। ঘটনাটি থানা-পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, 'বৃদ্ধ মানুষটির এখনো পরিচয় শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলার সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।'
মানুষকে সেবা করাই পুলিশের দায়িত্ব এবং সেই জায়গা থেকেই তাকে উদ্ধার ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
