এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে।
এবার প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৯ হাজার কম। ২০২৫ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও যানজট ও ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কক্ষে প্রবেশ করার ক্ষেত্রে আগের নির্দেশনাও বহাল থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
