মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মধ্যপ্রাচ্য অস্থিরতার জেরে সরকার নতুন শ্রমবাজার খুঁজছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মালয়েশিয়া, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষিত লোকবল পাঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে ।
শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষার্থীদের মেধা অন্বেষণমূলক আয়োজন স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
আরিফুল হক বলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বন্ধ থাকায় অন্য দেশগুলোতে শ্রমবাজার যত তাড়াতাড়ি সম্ভব খোলার আশা করছে সরকার। বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ায় দক্ষ জনশক্তি গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। সরকার নানাভাবে প্রশিক্ষণের আয়োজন ও পরিকল্পনা করছে। এজন্য সরকারকে আরও সময় দিতে হবে।
মন্ত্রী বলেন, জাপান-কোরিয়ায় শ্রমবাজারের দুয়ার খুলতে ইতোমধ্যে জাপানি ভাষা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলবে।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন অ্যাসেট প্রকল্পের এ আয়োজনে আঞ্চলিক দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নেন সিলেট বিভাগের ১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
৪২টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণকারী তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আঞ্চলিক প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে মোট ৫০টি নির্বাচিত উদ্ভাবনী প্রকল্প হতে চূড়ান্ত পর্বে তিনটি প্রকল্প বাছাই করা হবে।
এদিকে, সন্ধ্যায় জেলা পরিষদের উদ্যোগে শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে অংশ নেন আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শেষে সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
