অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা ঝুলে আছে: আইনমন্ত্রী
দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিশাল এই মামলা জট কমাতে সরকারের নেওয়া বহুমুখী পদক্ষেপের বিবরণ দিয়ে আইনমন্ত্রী জানান, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে ৮৭১টি আদালত স্থাপন এবং ২৩২টি বিচার বিভাগীয় পদ সৃষ্টি করেছে। এছাড়া আরও ৩০৪টি বিচার বিভাগীয় পদ সৃষ্টির প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং ১৫০ জন সিভিল জজ নিয়োগের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ৭০৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে এবং আরও ৫৫৩ জন বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছেন।
নারী ও শিশু নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে সলিসিটরের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া জেলা লিগ্যাল এইড অফিসগুলোতে অভিজ্ঞ মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া হয়েছে এবং বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে '১৬৬৯৯' হটলাইন সেবা চালু করা হয়েছে।
বিচার বিভাগে আধুনিকায়নের চিত্র তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, উচ্চ ও নিম্ন আদালতের সব 'কজ লিস্ট' বা কার্যতালিকা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, যার ফলে বিচারপ্রার্থীরা দূর থেকেই শুনানির তারিখ জানতে পারছেন। তিনি আরও জানান, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল সমন জারি, অনলাইনে সাক্ষ্যগ্রহণ এবং মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে।
দ্রুত, স্বচ্ছ এবং সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের ফলে আদালতের ওপর মামলার চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
