সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এনিয়ে ৯ দিনের ব্যবধানে ওই এলাকায় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।
নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়ে বলেন, 'বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত সালেহ আহমেদ আরও দুই সহযোগীসহ সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।
ওই বিজিবি কর্মকর্তা জানান, তারা মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের 'সুপারি চোর' সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
তিনি বলেন, এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক সুমন মিয়া (২৫) এবং মাসুম আহম্মদ (২০) সালেহ আহমদের মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি কর্মকর্তা আরও জানান, এই তিনজন দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, 'আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে লাশ সুরতহাল করার জন্য।'
