স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াদ বিন সেলিম (৪০)। শনিবার রাত ২টার দিকে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব ছবি বানিয়ে ওই ব্যক্তি প্রতারণা করে আসছিলেন। মন্ত্রীর নাম ভাঙিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়ার পর পটিয়া মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং সেলের আরেকটি কার্ড এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার সঙ্গে যুক্ত এবং উচ্চপর্যায়ের ব্যক্তিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'লায়ন রিয়াদ সেলিম' নামের একটি আইডি থেকে বিভিন্ন মন্ত্রী ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তিনি ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্যের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন।
পুলিশ আরো জানায়, কারাগারে থাকা কুমিল্লার দেবিদ্বারের কামরুল হাসান নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে রিয়াদ যোগাযোগ করে দ্রুত জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে তিনি ওই নারীর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন। পরে এ ঘটনায় পটিয়া থানায় রিয়াদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশের তথ্যমতে, রিয়াদের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে আকবরশাহ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এবং ২০২৩ সালে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে জানা গেছে, রিয়াদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে অর্থ আত্মসাতের প্রমাণও পেয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
