আবাসিকে গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
দেশে বর্তমানে এবং ভবিষ্যতে আবাসিক খাতে নতুন কোনো গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অন্তত ৫ জন সংসদ সদস্যের করা পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
অধিবেশনে মন্ত্রী সংসদ সদস্যদের পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, ক্রমবর্ধমান চাহিদা ও জোগানের ঘাটতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে ইকবাল হাসান মাহমুদ সংসদে বলেন, 'দেশে গ্যাসের উৎপাদন ক্রমান্বয়ে কমার কারণে আমদানিকৃত এলএনজিসহ মোট গ্যাস সরবরাহ দেশের সার্বিক চাহিদার তুলনায় বর্তমানে কম বিধায় উক্ত এলাকাসহ দেশের অন্যান্য এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস ঘাটতি হচ্ছে। ফলে সকল এলাকায় চাহিদানুযায়ী গ্যাস বিতরণ কিছুটা ব্যাহত হচ্ছে। একারণে বর্তমানে ও ভবিষ্যতে আবাসিক গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই।'
