কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন ৯ কারখানা স্থাপনের উদ্যোগ: শিল্পমন্ত্রী
দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় নয়টি নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি জানান, বেকারত্ব দূর করার লক্ষ্যে মন্ত্রণালয় নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।
শিল্পমন্ত্রী সংসদে জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনস্থ ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি (জিপিএফপিএলসি)-এর খালি জায়গায় ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ কারখানা স্থাপনের লক্ষ্যে বর্তমানে আর্থ-কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর অভ্যন্তরে বার্ষিক ৪ লক্ষ মেট্রিক টন টিএসপি সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য 'ডিটেইলড টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি' সম্পাদনের লক্ষ্যে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।
মন্ত্রী জানান, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড (কেএনএমএল) ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড (কেএইচবিএমএল) প্রাঙ্গণে "স্টার্চ ফ্যাক্টরি অ্যান্ড অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) কমপ্লেক্স" শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আর্থ-কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন সম্পন্ন হয়েছে।
এছাড়া কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমএল) প্রাঙ্গণে বনায়নসহ পূর্ণাঙ্গ পেপার মিল, সোডা অ্যাশ ও বেকিং সোডা প্ল্যান্ট; সোডিয়াম সালফেট প্ল্যান্ট; অ্যাক্টিভেটেড ব্লিচিং আর্থ প্ল্যান্ট; টাইটেনিয়াম ডাই-অক্সাইড প্ল্যান্ট; সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট এবং সিনথেটিক বা পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পেরও আর্থ-কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ডিপিপি প্রণয়নের কাজ চলছে।
শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর আরও বলেন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) প্রাঙ্গণে ক্লোরো অ্যালকালি এবং ক্লোরিন সংশ্লিষ্ট বেসিক কেমিক্যালস কারখানা এবং বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফএল) প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী আধুনিক ইনসুলেটর ও স্যানিটারিওয়্যার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঘোড়াশাল-পলাশ সার কারখানা প্রাঙ্গণে 'ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি' হিসেবে ডব্লিউপিপি ব্যাগ ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের লক্ষ্যে প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। এছাড়া ভোলা জেলায় একটি নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে যার উপযুক্ত জায়গা নির্বাচনের কাজ চলছে।
আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন ১৯৭ একর অব্যবহৃত জায়গায় আধুনিক প্রযুক্তির নতুন গ্লাস ফ্যাক্টরি স্থাপনের জন্যও প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিসিক সরাসরি কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন না করলেও শিল্পনগরী বা শিল্পপার্ক প্রতিষ্ঠা করে থাকে, যেখানে উদ্যোক্তারা কারখানা স্থাপন করেন। বর্তমানে সারাদেশে বিসিকের ৮৩টি শিল্পনগরীতে ৬ হাজার ২২৩টি শিল্প ইউনিট রয়েছে। বেকারত্ব দূর করার লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব ও উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে অনাবাদি, অব্যবহৃত বা পরিত্যক্ত জমি প্রাপ্তি এবং সম্ভাব্যতা সমীক্ষাসাপেক্ষে বিসিক আরও নতুন শিল্পনগরী বা শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেবে।
