টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একাধিক জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। গত বুধবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান খোলার আগেই ক্যাম্পাস ও শ্রেণিকক্ষের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এই পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল উদ্বোধনী দিনের জন্য সীমাবদ্ধ না রেখে বছরজুড়েই তা অব্যাহত রাখতে হবে। প্রতিদিন শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ তদারকির পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রতি সপ্তাহে অন্তত একদিন শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 'বিশেষ পরিচ্ছন্নতা অভিযান' পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বিদ্যমান বাগানের নিয়মিত পরিচর্যা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে।
দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১০টি শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান চলবে। অতিরিক্ত এই ক্লাস কার্যক্রম আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে গত ৯ মার্চ থেকে সাময়িকভাবে বন্ধ থাকা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও আজ থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠানে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল।
