আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, 'অর্থনীতির ওপর বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সংকটের বিশাল চাপ থাকলেও আমরা বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করছি। উত্তর আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হবে। এরইমধ্যে এর অর্থায়নও নিশ্চিত করা হয়েছে।'
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'গ্যাস ও বিদ্যুতের সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে আমরা অত্যন্ত সচেষ্ট।'
এর আগে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূরীকরণ এবং শিল্প বিকাশের লক্ষ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন শিল্প এলাকা পরিদর্শন করেন তিনি।
কীভাবে উত্তরাঞ্চলের অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, 'আমরা এরইমধ্যে শিল্পায়নের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করেছি। এ অঞ্চলে কৃষিজাত পণ্যের ব্যাপক শিল্পায়ন সম্ভব।'
তিনি বলেন, 'আলু, ভুট্টা, টমেটো থেকে শুরু করে গবাদিপশুর দুগ্ধজাত পণ্যের শিল্প গড়ে তোলা যেতে পারে। এখানকার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে নদী থেকে প্রাপ্ত প্রচুর নুড়িপাথর ব্যবহার করে গ্লাস ফ্যাক্টরি নির্মাণ করা সম্ভব।'
তিনি আরও বলেন, 'অতীতে রাষ্ট্র কখনো এ অঞ্চলকে নিয়ে ভাবেনি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহারে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা স্পষ্টভাবে বলা আছে। কৃষিজাত পণ্যের শিল্পায়ন নিশ্চিত করা গেলে এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে।'
একই দিন পরিদর্শন শেষে কুড়িগ্রাম ও লালমনিরহাটের স্থানীয় উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
