ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
ঈদযাত্রার শেষ দিনে দক্ষিণাঞ্চলের প্রবেশপথ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ছিল চাপমুক্ত। শুক্রবার সকাল থেকে সেখানে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল করছে।
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়নি। দূরপাল্লার গণপরিবহন ও মোটরসাইকেলের চাপও কম ছিল। তবে ঈদযাত্রার শেষ দিনে দক্ষিণমুখী কিছু যানবাহন দ্রুত টোল দিয়ে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।
পদ্মা সেতুর কল্যাণে গত কয়েক বছরের মতো এবারও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বিড়ম্বনাহীন ছিল।
শেষ দিনের যাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কাজ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।
তিনি জানান, "৭টি বুথে দূরপাল্লার গণপরিবহন এবং ২টি অতিরিক্ত বুথসহ ৩টি বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে। এতে দ্রুত টোলপ্লাজা অতিক্রম করতে পারছে দক্ষিণমুখী যানবাহন।"
যাত্রীদের দিন-রাত নিরবচ্ছিন্ন সেবা দিতে সংশ্লিষ্টরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
