শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজশিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে হত্যা মামলায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার সালাউদ্দিন সাগরের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিঠু সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর তার সহযোগী ও এই মামলার আসামি গোলাম রসুল শিহাব, রাফিন শেখ, শাহারিয়ার নাজিম জয়, সাগর ফকিরসহ অজ্ঞাতনামা আরও অন্যান্যদের সহায়তায় এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে।
তবে কী কারণে ভিকটিমকে হত্যা করেছে, কারোর নির্দেশে কাজটি করেছে কি না এবং এ ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে এই বিষয়ে আসামি কোনো তথ্য দেননি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে, গত ১৮ মার্চ রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদরের দক্ষিণপাড়ার ভাড়া বাসা থেকে পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার শিহাব ও সাগর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাফিন ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
গত রোববার রাতে শহীদ মিনারে হত্যা করা হয় ২৫ বছর বয়সী শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে। এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়, রাকিব মোটরসাইকেলে করে গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। মোটরসাইকেল পার্কিং করা মাত্রই রাকিবকে গুলি করে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত অচেনা ব্যক্তি।
রাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে গেলে অচেনা ৫/৬ জন তাকে ছুরি দিয়ে কোপায় এবং মৃত ভেবে তারা তাকে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
