ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
ঈদ যাত্রার দ্বিতীয় দিনে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকেই সেতু ও সংযোগ সড়কগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি, ফলে যাত্রীরা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
তবে যানবাহনের সংকটে পদ্মা সেতু উত্তর থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ট্রাকে করে গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
