ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আজ (১৭ মার্চ) রাজধানীতে খাবার বিতরণ করা হয়েছে। জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, 'মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ।'
আরও বলা হয়, 'এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন সম্মানিত আমিরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।'
অন্যদিকে, চীন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ১৭ মার্চ বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের খাবারের প্যাকেট বিতরণ করে।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল রহমান উপস্থিত ছিলেন। এতে এক হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, চীন ও বাংলাদেশ কৌশলগতভাবে ঘনিষ্ঠ সহযোগী দেশ। ঈদুল ফিতর হলো কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। এই খাদ্য সহায়তার মাধ্যমে চীন বাংলাদেশের মানুষের পাশে থাকতে চায় এবং তাদের উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তা করতে চায়।
তিনি আরও বলেন, দুই দেশ ভবিষ্যৎ ভাগাভাগি করা অংশীদার এবং চীন ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও প্রকল্প চালু করবে।
অন্যদিকে, ডা. শফিকুর রহমান এই সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই খাবারের প্যাকেটগুলো বাংলাদেশের মানুষের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতীক।
তিনি চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার কথা বলেন।
