ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
আগামীকাল থেকে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় শেষ কর্মদিবস শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।
সোমবার (৯ মার্চ) দুপুরের পর থেকেই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে দেখা যায়।
তবে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার পর থেকে সড়কে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
সন্ধ্যা এবং আগামীকাল ভোরের দিকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিমসহ মোট ছয়টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
যানজট এড়াতে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
