জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, নিহত শারমিন জাহানের চাচা মনিরুল ইসলাম গতকাল এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় স্বামী ফাহিম আল হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে ওই মামলায় ফাহিম আল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ঘটনার পরপরই নিহতের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে গতকাল দিবাগত রাতে নিহতের চাচা মনিরুল ইসলামের দায়ের করা হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। আজ সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে শারমিন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১–২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এনামুল হক মিয়া গতকাল বলেন , হাসপাতালে আনার সময় শারমিন জাহান মৃত অবস্থায় ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
