ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকা ইসলামনগরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১–২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি তার স্বামীর সঙ্গে ইসলামনগরের ওই বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্বামী ফাহিম আল হাসানের ভাষ্যমতে, তিনি বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে বাসার ভেতরে ঢুকে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।
পরে বাড়িওয়ালার সহায়তায় দ্রুত শারমিনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী শারমিন জাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্টান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ওনাকে (শারমিন)সোয়া ৫টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। অর্থাৎ, তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। আমরা তাকে 'ব্রট ডেড' ঘোষণা করি।'
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন।
প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'আমরা ঘটনা সম্পর্কে জেনেছি এবং যথাসম্ভব সহযোগিতা করেছি। এ ঘটনার বিষয়ে সাভার ও আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে এবং তারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।'
তিনি বলেন, 'লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।'
প্রক্টর আরও বলেন, 'পুলিশকে এ ঘটনার যথাযথ তদন্তের এবং দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছি।'
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, 'এটি একটি হত্যা মামলা। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।'
