রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার অপেক্ষায় সরকার: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাশিয়া বাংলাদেশকে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করলেও তা আমদানির জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওয়েভার বা বিশেষ ছাড় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, 'রাশিয়া থেকে তেল, গ্যাস এলএনজি আমদানি সম্ভাবনা রয়েছে। রাশিয়াও বাংলাদেশকে তেল-গ্যাস রপ্তানিতে আগ্রহী। তবে এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য আমরা যুক্তরাষ্ট্রের ওয়েভারের জন্য অপেক্ষা করছি।'
তিনি আরও বলেন, 'জ্বালানি নিয়ে রাশিয়ার সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তারাও এ খাতে সহযোগীতা দিতে চায়।'
প্রসঙ্গত, গত বুধবার (১১ মার্চ) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে ওয়েভার চেয়েছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটায় ভারতকে এক মাসের জন্য রাশিয়ার তেল আমদানিতে বিশেষ ওয়েভার প্রদান করেছে যুক্তরাষ্ট্র।
