ঈদের আগে এবার নতুন টাকা ছাড়বে না বাংলাদেশ ব্যাংক
ঈদের আগে নতুন টাকার নোট সরবরাহের প্রচলিত নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে একবারে বিপুল পরিমাণ নতুন টাকা ছাড়ার বদলে এখন সারা বছরই ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
রোববার (৮ মার্চ) দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আরিফ হোসেন খান বলেন, "ঈদের আগে নতুন টাকা দেওয়া হচ্ছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই। এখন থেকে ঈদের আগে নতুন টাকা দেওয়ার সেই রেওয়াজ থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। বরং সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।"
তিনি আরও বলেন, "বিশেষ কোনো দিন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাড়বে না। সারা বছর চাহিদা অনুযায়ী বাজারে নতুন নোট সরবরাহ করা হবে।"
গত বছর রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। আগের নকশার ওই নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর থাকবে। পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে বাজারে আসবে বলেও জানানো হয়েছিল।
তবে নির্ধারিত দিনে নতুন নোট ছাড়ার কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংক জানায়, বঙ্গবন্ধুর ছবি থাকা নোট ঈদের আগে বাজারে ছাড়া হবে না। কোরবানি ঈদের আগে নতুন নকশার নোট ছাড়া হবে বলে তখন বলা হয়েছিল।
তবে সে সময় কেন নতুন টাকার নোট ছাড়া হয়নি—সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
সে সময় মুখপাত্র সরাসরি কিছু না বললেও গুঞ্জন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নোট নিয়ে আপত্তির কারণে রোজার ঈদে আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।
