বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের আমুরবুনিয়া এলাকায় লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।
বন বিভাগ জানায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায় হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে সেটিকে আবারও সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, 'সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটি খুবই ইতিবাচক পরিবর্তন।'
তিনি আরও বলেন, 'সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমুরবুনিয়ার ঘটনাটি সেই সচেতনতারই একটি ভালো উদাহরণ।'
