বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ
বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাসভবনে চুরির খবরটি সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ। এই বিষয়ে কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে উল্লেখ করে ঘটনার প্রকৃত ব্যাখ্যা দিয়েছে বাহিনীটি।
আজ বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেন বাগেরহাটের মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আবু রাসেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু মাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
ঘটনার প্রকৃত বিবরণ দিয়ে পুলিশ সদর দপ্তর জানায়, গত সোমবার (১৬ মার্চ) আনুমানিক রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর গতকাল অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
বিজ্ঞপ্তিতে আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত 'ভ্রান্ত ও বিভ্রান্তিকর' সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
