বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকায় মাইকিং
বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা জনগণকে সচেতন করতে এলাকায় মাইকিং শুরু করেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য লতিফ হাওলাদারের বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখা যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি)- টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সকালে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে এবং নদীর চরের অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।
তিনি জানান, খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোমবার দুপুরে সোনাতলা গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, নদীর চরে অর্ধ কিলোমিটার জুড়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান ভিটিআরটি এ টিম লিডার।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, 'ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। তবে ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ধারণা করা হচ্ছে রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে আসে।'
তিনি আরও বলেন, 'জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে।'
