মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২টাপর্যন্ত নতুন করে আরও ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত পাঁচ দিনে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানসহ বেশ কিছু দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাবে শাহজালাল বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ ৮টি এয়ার অ্যারাবিয়ার। এ ছাড়া এমিরেটসের ৫টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ২টি করে ফ্লাইটও আজকের বাতিলের তালিকায় রয়েছে।
ফ্লাইট বাতিলের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী যাত্রীরা। সঠিক সময়ে তথ্য না পাওয়া, টিকিটের সময় পরিবর্তনের জটিলতা এবং অনিশ্চয়তার কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের চরম মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে যে, বাসা থেকে রওনা হওয়ার আগে যেন তারা অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন।
