মধ্যপ্রাচ্য সংকট: আজকেও ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি আজ রোববারেও (৮ মার্চ) অব্যাহত রয়েছে। এদিন আরও ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের দুটি; এয়ার এরাবিয়ার ৬টি; গালফ এয়ারের দুটি; কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস-এর চারটি ফ্লাইট।
ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করার পর থেকে এপর্যন্ত মোট ৩২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাতায়াতে ব্যাপক প্রভাব পড়ছে। তাদের জন্য টিকিট রিশিডিউলিং ও অর্থ ফেরতের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে সামনে ঈদুল ফিতরের ছুটি থাকায় যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আকাশপথের ভ্রমণ ব্যবস্থায় নতুন করে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কাও বাড়ছে।
