মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালালে আজ ৩৮ ফ্লাইট বাতিল, ৪ দিনে বাতিল ১৪৭
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ কাওসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বেবিচক জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজকের বাতিল হওয়া ৩৮টি ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ ১২টি এয়ার অ্যারাবিয়ার। এ ছাড়া কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।
বর্তমানে বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ এবং দুবাই রুট বাদে অন্যান্য রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার সকালের ৭টি নির্ধারিত ফ্লাইটসহ এ পর্যন্ত ওই বিমানবন্দরে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা না কমা পর্যন্ত এই ফ্লাইট সূচি স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে। এতে প্রবাসগামী কর্মী ও সাধারণ ভ্রমণকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
