চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার রড পড়ে মুনতাহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির গেটে ঢোকার মুহূর্তে ভবনের ওপর থেকে প্রায় তিন থেকে চার ফুট দীর্ঘ একটি লোহার রড শিশুটির মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সে।
আরও জানা যায়, স্বজনরা পরে দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সিটি স্ক্যানে মাথার ভেতরে রক্তক্ষরণ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মুনতাহা স্থানীয় দিনমজুর রহমত উল্লাহর মেয়ে বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনটিতে কোনো সুরক্ষা জাল বা ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা ছিল না। তারা নির্মাণকাজে বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিবিএসকে বলেন, 'ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
