সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) অবসরপ্রাপ্ত শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মনির মিয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ নাজমুল আলমের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ নাজমুল আলম দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ, ২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার অবসরের কথা জানানো হয়।
