রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আজ সারাটা দিন কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান ও বিশ্বকাপ ফুটবলের সাবেক মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ সদস্যের প্রতিনিধি দল।
এসময় তারা ক্যাম্পে তুরস্ক সরকার পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। বৃহস্পতিবার দুপুর ১টায় প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে যান তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শনে। সেখানে তারা রোহিঙ্গা শিশুদের সঙ্গে সেলফি তোলেন।
বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলার মাঠে রোহিঙ্গাদের সঙ্গে চ্যারেটি ফুটবল ম্যাচে অংশ নেন জার্মানীর হয়ে বিশ্বকাপজয়ী মেগাস্টার মেসুত ওজিল। এসময় ওজিল ওজিল ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে মাঠের চারপাশের গ্যালারি।
এসময় মেসুত ওজিল বলেন, 'রোহিঙ্গাদের সঙ্গে খেলে নিজকে ধন্য মনে করছেন। বিনোদনের ভাগাভাগি করতে পেরে তিনি মুগ্ধ।' পরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন তারা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরতোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান এসময় বলেন, 'রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে; সেজন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি৷
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। রমজানে রোজার প্রথম ইফতার পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আহার করা তুর্কি জনগণের ঐতিহ্যগত সংস্কৃতি। তারই অংশ হিসেবে তাদের এই সফর।
এর আগে সকাল পৌণে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছান এই প্রতিনিধি দল। পরে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন মেসিত ওজিলসহ অন্যান্যরা।
