শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে এগারোটায় সংসদ ভবনেই এই সভা হবে।
"সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ" বলেন সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭ টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এই নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।
