ঢাকা-১৯: দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.২৩ শতাংশ, চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে দুপুর ২টা পর্যন্ত ৩৬.২৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য জানান।
তিনি বলেন, 'দুপুর ২টার হিসাব অনুযায়ী ৩৬.২৩ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এতক্ষণে সেটি ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে বলে ধারনা করছি।'
এদিকে সকাল থেকে আসনটিতে ভোটগ্রহণ কার্যক্রম চলমান থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৪টা) কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোনো প্রার্থী কিংবা তাদের এজেন্টদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি।
সকাল থেকে আসনটির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। তবে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ কেন্দ্রে ভোটার সমাগম উল্লেখযোগ্য হারে কমে আসে।
এছাড়া কেন্দ্রগুলোতে বিএনপি ও ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীর এজেন্টদের সরব উপস্থিতি দেখা গেছে। কিছু কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং দু-একটি কেন্দ্রের নির্দিষ্ট কিছু বুথে গণঅধিকার পরিষদের প্রার্থীর এজেন্ট দেখা গেলেও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো এজেন্টের দেখা মেলেনি।
উল্লেখ্য, ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটারের এই আসনটিতে মোট ২৭৫টি কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ চলছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
