ভোট দিলেন ঢাকা-১১ আসনের প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বেরাইদের একেএম রহমতুল্লাহ কলেজে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
এদিকে ঢাকা-১১ আসনের বাড্ডা বেরাইদের একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। সকাল ৮টা থেকেই পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন দেখা যায়। ভোটারদের নিরাপদে ভোটদানের জন্য কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। র্যাব ও পুলিশের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন ছিল।
কেন্দ্রে ভোট দিতে আসা রহিমা খাতুন (৪৬) বলেন, জীবনের দ্বিতীয় ভোট দিয়েছি। আর আগে একবার ভোট দিয়েছিলাম। আওয়ামী লীগের আমলে যেসব ভোট হয়েছে আমি দেইনি। নির্বাচন ছিল না ঐসব। নির্বাচনে ভোট খুব ভালো হচ্ছে।
